আমরা যা জানতে চাই
চ্যাটজিপিটি দিয়ে লেখা চাকরির আবেদন: তারপর যা হলো
- আপডেট সময় : ০৯:৪৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / 504
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। বিশেষ করে জেনারেটিভ এআই-ভিত্তিক চ্যাটবট (যেমন চ্যাটজিপিটি, গেমিনি, কোপাইলট) এখন অনেকেই বিভিন্ন কাজে ব্যবহার করছেন। ই-মেইলের উত্তর দেওয়া থেকে শুরু করে ক্লাসের অ্যাসাইনমেন্ট, আবার ডকুমেন্ট এডিট করা থেকে চাকরির আবেদনপত্র তৈরি করা—এআই দিয়ে সবকিছুই করা সম্ভব।
কিন্তু এআই ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন কতটা জরুরি, তার একটি উদাহরণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ভারতের স্টার্টআপ অনটুরাজ-এর সিইও অনন্যা নারাং। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একজন চাকরিপ্রার্থীর আবেদনপত্রের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, “আশ্চর্য হওয়ার কিছু নেই যে আমাদের বেকারত্ব এত বেশি।”
চ্যাটজিপিটি দিয়ে তৈরি করা আবেদনপত্রটি কোনো সম্পাদনা ছাড়াই পাঠিয়ে দেন ওই প্রার্থী। এতে দেখা যায়, যেখানে আবেদনটি ব্যক্তিগতকরণের প্রয়োজন ছিল, সেখানে তা করা হয়নি। যেমন, আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর দক্ষতা, অভিজ্ঞতা এবং পছন্দের উল্লেখ থাকা উচিত ছিল, কিন্তু সেটি করা হয়নি।
অনন্যা নারাং এই স্ক্রিনশটটি লিঙ্কডইন-এও শেয়ার করে প্রশ্ন তোলেন, “আমরা কি অন্ধভাবে এআই ব্যবহার করা বন্ধ করতে পারি না?” তিনি আরও জানান, তার অভিজ্ঞতা অনুযায়ী, প্রতি পাঁচ জন চাকরিপ্রার্থীর মধ্যে একজনের আবেদনপত্রে অতিরিক্ত এআই নির্ভরতা দেখা যায়।
২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়া দিল্লি-ভিত্তিক স্টার্টআপ অনটুরাজ বিভিন্ন পদের জন্য বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করে আসছে। সম্প্রতি নতুন নিয়োগ প্রক্রিয়ায় চ্যাটজিপিটি দিয়ে তৈরি আবেদনপত্রটি অনন্যা নারাং-এর নজরে আসে।
এআই-ভিত্তিক চ্যাটবটের ব্যবহার নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। প্রযুক্তিবিদরা চ্যাটবটের উপর অতিরিক্ত নির্ভরতা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে আসছেন। তারা বলছেন, কোনো কিছু চ্যাটবট দিয়ে জেনারেট করার পর সেটিতে ‘মানবিক স্পর্শ’ বা ব্যক্তিগতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চাকরির আবেদনপত্রের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চ্যাটবট দিয়ে তৈরি করার পর অবশ্যই তা সম্পাদনা করা উচিত। চাকরির বর্ণনা (জব ডেসক্রিপশন) অনুযায়ী আবেদনপত্রের ভাষায় পরিবর্তন আনতে হবে। এছাড়া, প্রাসঙ্গিক ব্যক্তিগত তথ্য, দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতার উল্লেখ করতে হবে। আবেদনপত্রে যেন অতি ফরমাল বা রোবোটিক ভাষার প্রয়োগ না হয় সেজন্য কিছু শব্দ ও বাক্য পরিবর্তন করা দরকার। সবশেষে, আবেদনপত্র লেখা সম্পন্ন হওয়ার পর সেটি প্রুফরিড করে ভুলগুলো সংশোধন করা একান্ত জরুরি।



















