বিএনপির প্রার্থী তালিকায় বাদ পড়লেন একাধিক শীর্ষ নেতা
- আপডেট সময় : ১২:৫২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 104
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে দলে শুরু হয়েছে আলোচনা। এই তালিকায় স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব পর্যায়ের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নাম নেই, যা দলের ভেতরে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম পর্যায়ের এই তালিকা ঘোষণা করেন।
স্থায়ী কমিটির ১৪ সদস্যের মধ্যে এবার নাম এসেছে ১০ জনের। তবে বর্ষীয়ান নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমানের নাম প্রাথমিক তালিকায় নেই। যদিও জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির (পঞ্চগড়–১) এবার দলের মনোনয়ন পেয়েছেন।
দলের ভাইস চেয়ারম্যানদের মধ্যে তালিকায় স্থান পেয়েছেন সাতজন। কিন্তু আলোচিত দুই নেতা শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপনের নাম বাদ পড়েছে। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর ৮১ সদস্যের মধ্যে প্রার্থী হয়েছেন মাত্র ২২ জন। বাদ পড়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও আবদুস সালাম।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবারও দলের মনোনয়ন পাননি। ছয়জন যুগ্ম মহাসচিবের মধ্যে তিনজনের নাম রয়েছে প্রার্থী তালিকায়, তবে হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ ও হুমায়ুন কবিরের নাম বাদ গেছে।
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাও এবার বিএনপির প্রার্থী তালিকায় নেই। পাশাপাশি মাগুরা থেকে মনোনয়ন প্রত্যাশী যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নামও দেখা যায়নি।
দলের একাধিক সূত্র জানিয়েছে, এটি কেবল প্রাথমিক তালিকা। বিএনপির স্থায়ী কমিটি ও উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর আরও কিছু পরিবর্তন আনা হতে পারে।



























