ডামুড্যার ৬৯নং প্রাথমিক বিদ্যালয়ে চরম দুর্ভোগ: নেই পানি, নেই মাঠ
- আপডেট সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 96
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাটি এলাকার ৬৯নং মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নেই খেলার মাঠ, আর বর্ষার ছয় মাসে বিদ্যালয় ঘিরে থাকে জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।
১৩ অক্টোবর সোমবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। পঞ্চম শ্রেণির ছাত্র মোহাম্মদ ওমর ফারুক জানান, “অনেক পিপাসা লাগলেও পানি খেতে পারি না, কারণ টিউবওয়েল নেই। অনেক দূর থেকে পানি আনতে হয়।”
চতুর্থ শ্রেণির ছাত্রী হাসিবা বলেন, “বর্ষায় স্কুলের চারপাশে পানি জমে যায়, হাঁটু পানির মধ্যে দিয়ে স্কুলে আসতে হয়।” তৃতীয় শ্রেণির ফাতেমা জানান, “পানি ভিজে বই খাতা নষ্ট হয়ে যায়, তাই অনেক সময় স্কুলে আসা হয় না।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীতে টিউবওয়েলের জন্য আবেদন করেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।” সহকারী শিক্ষক অনুপম জানান, “স্থানীয়ভাবে একটি সেলো টিউবওয়েল বসানো হলেও পানিতে অতিরিক্ত আয়রন থাকায় তা খাওয়ার অযোগ্য।”
স্থানীয় এক অভিভাবক বলেন, “আমার সন্তানসহ অন্য শিক্ষার্থীরা প্রায়ই আমার বাড়িতে পানি খেতে আসে।” বিদ্যালয়ে শিক্ষক সংকট, নিম্নমানের পাঠদানসহ আরও বিভিন্ন সমস্যা রয়েছে বলেও জানা গেছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, “আমার বরাদ্দ না থাকায় কিছু করতে পারছি না। বরাদ্দ পেলে টিউবওয়েলের ব্যবস্থা করবো।”
ডামুড্যা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকণ্ঠ ভক্ত বলেন, “বিষয়টি জানতাম না। লিখিত আবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
বিদ্যালয়টির শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এমন কষ্টে দিন পার করছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে সমস্যাগুলো রয়ে গেছে বছরের পর বছর।
















