লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও আহত বহুজন
- আপডেট সময় : ১০:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 71
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঐতিহাসিক লাল কেল্লার কাছের মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। সোমবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাটি মুহূর্তেই পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়।
দিল্লি নগর পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী জানান, বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে তদন্ত চলছে এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করছে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, মেট্রো স্টেশনের সামনে যানজটপূর্ণ সড়কে একাধিক গাড়ি থেকে আগুন ও ধোঁয়া উঠছে। ভয়াবহ শব্দে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে, আতঙ্কে স্থানীয়রা রাস্তায় বেরিয়ে আসেন।
দিল্লির ডেপুটি ফায়ার চিফ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় ছয়টি গাড়ি ও তিনটি অটোরিকশা আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেন, “হঠাৎ একটি বড় শব্দ শুনতে পাই, মনে হচ্ছিল মাটি কেঁপে উঠেছে। এরপর দেখি আগুনের শিখা আকাশ ছুঁইছুঁই।”
এদিকে, বিস্ফোরণের পর রাজধানী জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। পুলিশ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে।
















