শীত-ঝড়ের বৃষ্টি, গাজায় আবারও মানবিক বিপর্যয়
- আপডেট সময় : ০৮:৩২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 86
দক্ষিণ গাজার খান ইউনিসে টানা ভারি বৃষ্টিপাতে শরণার্থী শিবিরগুলো আবারও পানিতে তলিয়ে গেছে। শুক্রবার সকাল থেকে নিম্নচাপ ও শীতল বাতাসের প্রভাবে বৃষ্টি শুরু হলে যুদ্ধবিধ্বস্ত গাজায় আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ মানুষের দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেয়।
আল-মাওয়াসি এলাকার বিভিন্ন শিবিরে পানি ঢুকে পড়ায় জরুরি সহায়তা দিতে ছুটে যায় গাজার সিভিল ডিফেন্স সদস্যরা। সংস্থাটি জানায়, বৃষ্টির তীব্রতায় বহু তাবু ভেসে গেছে বা ভেঙে পড়েছে, ফলে মানুষের কষ্ট চরমে পৌঁছেছে।
গাজা সরকারের হিসাবে, যুদ্ধ ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থাপিত ১ লাখ ৩৫ হাজার তাবুর ৯৩ শতাংশই সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। এই বাস্তবতায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA) দ্রুত আশ্রয় সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ—ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে তাবু ও মোবাইল হোমসহ প্রয়োজনীয় সহায়তা ঢুকতে দিচ্ছে না।
ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার ভিত্তিতে চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপে জিম্মি–বন্দি বিনিময়, গাজা পুনর্গঠন ও নতুন প্রশাসন গঠনের বিষয় রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত গাজায় ৬৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে—যাদের অধিকাংশই নারী ও শিশু।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
















