পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অমানবিকতা, জন্ম নিল কন্যা
হাসপাতাল থেকে বের করে দিল প্রসূতিকে, ঝোপে জন্ম নিল ফুটফুটে শিশু
- আপডেট সময় : ১১:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 175
চট্টগ্রামের পটিয়ায় এক প্রসূতিকে চিকিৎসা না দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের করে দেওয়ার এক হৃদয়বিদারক অভিযোগ উঠেছে। এর ফলস্বরূপ, অসহায় ওই নারীকে হাসপাতালের ঠিক পাশে একটি ঝোপে কন্যা সন্তানের জন্ম দিতে হয়। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৮ অক্টোবর) রাতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে।
প্রসূতির স্বামী, মোহাম্মদ ইলিয়াছের অভিযোগ, সন্ধ্যা ৭টার দিকে স্ত্রীকে হাসপাতালে আনার পর লেবার ওয়ার্ডে যখন সন্তানের অর্ধেক বেরিয়ে এসেছিল, তখনও নার্সরা জানান, বাচ্চার অবস্থান (পজিশন) উলটো এবং এখানে প্রসব করানো সম্ভব নয়। তারা কোনো চিকিৎসা না দিয়েই দ্রুত রোগীকে অন্যত্র রেফার করে নিচে নামিয়ে দেন। ইলিয়াছ জানান, নিচে নামার পরই তীব্র প্রসব-বেদনায় তার স্ত্রী বাধ্য হয়ে হাসপাতালের পাশের জঙ্গলে গিয়ে বসে পড়েন এবং সেখানেই সন্তানের জন্ম দেন।
এ বিষয়ে হাসপাতালের নার্স অনামিকা জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলকালীন সময়েই শিশুটির জন্ম হয়েছে। জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মিনটু দে বলেন, নার্সদের কাছ থেকে বাচ্চার পজিশন উলটো জানার পরই তিনি রেফার করার সিদ্ধান্ত দেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, “রোগীর অবস্থা বিবেচনা করেই তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল। আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হন, তবে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
এই অমানবিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা হাসপাতালে ভিড় করে প্রতিবাদ জানায়। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ঘটনাস্থলে এসে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়দের দাবি, এমন অমানবিক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্য সেবার ওপর আস্থা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।















