চাঁদপুরে জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
- আপডেট সময় : ১১:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 50
চাঁদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে একযোগে শতাধিক নেতাকর্মীর যোগদান। সোমবার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে আসা নেতাকর্মীরা এনসিপিতে যোগ দেন।
জেলা এনসিপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যোগদানকারীদের হাতে ফুলের তোড়া তুলে দেন জেলা এনসিপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম মিজি এবং জাসদের সদর উপজেলা নেতা মশিউর রহমান খোকনসহ দুই দলের প্রায় শতাধিক নেতাকর্মী।
নবাগতদের স্বাগত জানিয়ে জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম বলেন, “জাতীয় নাগরিক পার্টি দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রতীক। জাতীয় পার্টি ও জাসদের মতো প্রতিষ্ঠিত দল থেকে এত নেতাকর্মীর যোগদান প্রমাণ করে—এনসিপির প্রতি জনগণের আস্থা বাড়ছে।”

তিনি আরও বলেন, “চাঁদপুরে এই যোগদান এনসিপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। নতুন নেতারা দলের নীতি-আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম, সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, হাইমচর উপজেলার প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান মুকুল, মতলব উত্তর উপজেলার প্রধান সমন্বয়কারী ডিএম আলাউদ্দিন, মতলব দক্ষিণের প্রধান সমন্বয়কারী মো. নবীর হোসেন, সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী মুফতি মাহমুদ হাসান ও সাইফুর রহমান গাজী, হাইমচরের যুগ্ম-সমন্বয়কারী আজিজুল হক রাজু এবং ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম-সমন্বয়কারী অ্যাডভোকেট আ. জব্বার প্রমুখ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, চাঁদপুরে এনসিপির এই শক্তিশালী নতুন সূচনা ভবিষ্যতে দলের দেশব্যাপী অবস্থান আরও দৃঢ় করবে।
















