নতুন তিন দলের প্রতীক ঘোষণা করল নির্বাচন কমিশন
- আপডেট সময় : ০৯:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 122
নির্বাচন কমিশন (ইসি) নতুন নিবন্ধন পাওয়া তিন রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক ঘোষণা করেছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে দেওয়া হয়েছে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে ‘কাঁচি’, এবং আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক।
মঙ্গলবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বা প্রতীক বরাদ্দ নিয়ে কারো আপত্তি থাকলে তা ১২ নভেম্বরের মধ্যে লিখিতভাবে ইসির সিনিয়র সচিবের কাছে জমা দিতে হবে।
এর আগে, নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নতুন রাজনৈতিক দল হিসেবে প্রাথমিক নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নেয়।
বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “নিবন্ধনপ্রাপ্ত দলগুলোর বিষয়ে দাবি-আপত্তি আহ্বান করে বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্তভাবে নিবন্ধনের সনদ দেওয়া হবে।”
নতুন তিন দলই এখন নির্বাচনী প্রতীক হাতে নিয়ে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।















