নিষিদ্ধ দল রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- আপডেট সময় : ০২:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 62
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি রাজপথে নেমে কোনো ধরনের বিক্ষোভ করার চেষ্টা করে, তবে আইন তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে।
সোমবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী সংগঠন এবং গণহত্যাকারী নেত্রী হয়তো ভাবছেন এটি আবার ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা কল্পনা করছে, আবারও মানুষ হত্যা করে রাস্তাগুলো দখল করবে। কিন্তু দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।”
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটি জুলাই—চিরদিনের জুলাই।”
প্রসঙ্গত, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। সেদিন প্রকাশ্যে অস্ত্রধারী কর্মীরা গুলি চালিয়ে এবং পিটিয়ে কয়েকজনকে হত্যা করে, যা রাজনৈতিক ইতিহাসে একটি রক্তাক্ত অধ্যায় হিসেবে স্থান পায়।
প্রেস সচিবের সতর্কবার্তা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, তার বক্তব্য সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন।




























