রংপুরে কবি-লেখক মিলনমেলা ও পাঠক সমাবেশে সাহিত্যচর্চার অনুপ্রেরণা
- আপডেট সময় : ০৯:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 136
সমাজ প্রগতির জন্য শিল্প-সাহিত্য—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ অক্টোবর ২০২৫ তারিখে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের আয়োজনে রংপুরের তাজহাট এনবি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় বার্ষিক কবি-লেখক মিলনমেলা ও পাঠক সমাবেশ-২০২৫।
অনুষ্ঠানটি দুটি অধিবেশনে বিভক্ত ছিল। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এর শুভ সূচনা হয়। প্রথম অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও গবেষক জনাব মাহমুদুল হাসান নিজামী।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি-৮৬ ব্যাচ, পার্বতীপুর, দিনাজপুর-এর সভাপতি কবি, শিক্ষক ও সাংবাদিক মো. ওবায়দুল ইসলাম বাবু, সম্পাদক অজয় সরকার, কবি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার পার্বতীপুর উপজেলা প্রতিনিধি বদরুজ্জোহা বুলু।
রংপুর বিভাগের আটটি জেলা এবং দেশের অন্যান্য জেলা থেকে আগত কবি, লেখক, পাঠক ও সুধীবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সাহিত্যপ্রেমে উজ্জীবিত।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক তুহিন।
বিভিন্ন এলাকা থেকে আগত কবি ও পাঠকরা কবিতা আবৃত্তি, দেশীয় ও লোকজ গান পরিবেশন করেন, যা উপস্থিত সকলকে আনন্দ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ করে।
প্রথম অধিবেশনের প্রধান অতিথি মাহমুদুল হাসান নিজামী শিল্প, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন।
দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি মো. আব্দুর রহিম, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর, তার বক্তব্যে সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনায় অংশ নেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে নাসরিন নাজ, প্রতিষ্ঠাতা সভাপতি, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ, আমন্ত্রিত অতিথিদের মধ্যে যাঁরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাঁদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
শেষে সভাপতি জয়িতা নাসরিন নাজ সকলের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠান সফল করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করেন।



















