সংগ্রাম নয়, সমস্যার সমাধানে মনোযোগ: পিরোজপুরে ভার্চুয়াল সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
মেধার ভিত্তিতে দেশ গড়তে চান তারেক রহমান
- আপডেট সময় : ০৭:৪২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 87
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন যে তিনি ঝগড়া-ফ্যাসাদ এড়িয়ে মেধার ভিত্তিতে দেশকে গড়ে তুলতে চান। তিনি বলেন, বিভিন্ন দলের আদর্শ থাকলেও, বিএনপি দেশের তরুণ ও নারী সমাজকে উপার্জনক্ষম করে তোলায় মনোযোগ দেবে।
সোমবার (৬ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় লন্ডন থেকে পিরোজপুর সদরের টোনা গ্রামে প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের বাড়িতে আয়োজিত এক ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমান এই মন্তব্য করেন। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পঙ্গুত্ব বরণ করা এই নেতার দীর্ঘদিনের ইচ্ছায় ‘আমরা বিএনপি পরিবার’-এর কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুর রহমান রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়।
তারেক রহমান বলেন, “আমরা আর রক্ত ঝরাতে চাই না, আর প্রাণ দিতে চাই না। এখন থেকে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পনা মাফিক একটু একটু করে তার সমাধান করতে হবে। এটাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি।”
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জামায়াতের নাম উল্লেখ না করে বলেন, একটি দল বিএনপিকে সমালোচনা করলেও, তারেক রহমান কোনো দল বা ব্যক্তির সমালোচনা করেন না। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষকে সরকারি হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হবে না।
রিজভী আহমেদ ছাত্রদলসহ সকল নেতাকর্মীকে চরিত্র গঠনের উপর জোর দেন। ২০১৪ সালে হামলায় আহত মোতালেব আকনের প্রতি সম্মান জানিয়ে রিজভী আহমেদ তার হাতে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।
















