ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৭:৪১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 48
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস, বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরাইলের চ্যানেল ১২—নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে পাকিস্তান দুই পক্ষের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২–এর তথ্য অনুযায়ী, প্রস্তাবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব দেশের জন্য উন্মুক্ত রাখা এবং এটিকে একটি “মুক্ত সামুদ্রিক অঞ্চল” হিসেবে ঘোষণা করা।
প্রতিবেদন অনুযায়ী, ইরান যদি এই প্রস্তাবের শর্তগুলো মেনে নেয়, তাহলে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নথি প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনো এই প্রস্তাবের কোনো নথিপত্র হাতে পায়নি এবং তথ্যটির সত্যতা যাচাইয়ের চেষ্টা চালাচ্ছে।
সূত্র: বিবিসি















