পটুয়াখালীতে মোবাইল কোর্ট:
এস এস ফিলিং স্টেশনে তেল চুরির অভিযোগে জরিমানা
- আপডেট সময় : ০২:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / 342
পটুয়াখালী সদর উপজেলার শিয়ালি বাজার সংলগ্ন এস এস ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তেল চুরির অভিযোগ উঠছিল। স্থানীয়দের মুখে এই অভিযোগ শোনা যাচ্ছিল অনেকদিন ধরে।
অবশেষে, বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট সরেজমিনে উপস্থিত হয়ে পেট্রোল পাম্পটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। তদন্তের সময় দেখা যায়, পেট্রোল, অকটেন ও ডিজেলের প্রতিটি মেশিনে ১০ লিটার তেলে ৬০০ থেকে ৮০০ গ্রাম তেল কম দেওয়া হচ্ছে।

এ ঘটনার প্রেক্ষিতে, ম্যাজিস্ট্রেট ফিলিং স্টেশনটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং তেলের সঠিক পরিমাপ না হওয়া পর্যন্ত পাম্পটি বন্ধ রাখার নির্দেশ দেন।
জানা যায়, ২০০৮ সালে এস এস ফিলিং স্টেশনটি চালু হয়। এরপর থেকে একাধিকবার বিভিন্ন সময়ে তেল চুরির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। প্রশাসনের নিষেধ সত্ত্বেও, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেল চুরির কারবার চালিয়ে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, পাম্পে তেল নিতে আসা চালকরা তেল কম দেওয়ার প্রতিবাদ করলে, তাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। এ বিষয়ে, ফিলিং স্টেশনের মালিক সেলিম খন্দকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “মেশিনের ত্রুটির কারণে তেল কম দেওয়া হতে পারে।” তবে, একই সঙ্গে তিনটি মেশিনে ত্রুটির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ভুল স্বীকার করে ফোন কেটে দেন।
























