ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন নারীদের বাফুফে যাত্রা
- আপডেট সময় : ০৫:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / 355
বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলাররা ছাদখোলা বাসে করে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ৩টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের উদ্দেশে রওনা হয়েছেন। বিমানবন্দরে নামার পর সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা সহ দলের খেলোয়াড়রা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
দুপুরে নেপাল থেকে দেশে ফেরেন সাফজয়ী নারী ফুটবলাররা। ২০২২ সালের সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাদেরকে এমন ছাদখোলা বাসে উদযাপনের সুযোগ দেওয়া হয়েছিল। এবারও সেই ঐতিহ্য রক্ষা করে ছাদখোলা বাসে তাদের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিজ-৩৭২ ফ্লাইটযোগে চ্যাম্পিয়ন দলের আগমনের কথা আগেই জানানো হয়েছিল বলে সকাল থেকেই বিমানবন্দরে সমর্থক ও বাফুফে কর্মকর্তারা তাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সংবাদ মাধ্যমের ফটোগ্রাফার ও সাংবাদিকরাও ছিলেন ফ্রেমবন্দি করতে।

২০২২ সালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের সাবিনা-সানজিদা আক্তাররাও ছাদখোলা বাসে উদযাপন করেছিলেন। এবারও সেই একই প্রতিপক্ষ নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতে দেশে ফিরেছেন তারা। মাঠে ট্রফি উদযাপনের পর এবার ছাদখোলা বাসে করে বাফুফের দিকে চলছেন বাংলাদেশের নারী ফুটবল দল।
তবে, ছাদখোলা বাসে দলকে সঙ্গ দেবেন না দলের কোচ পিটার বাটলার, যিনি দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিন মাসের বেতন বাকি থাকার কথা জানালেও তিনি জানান, “মেয়েরা এ মুহূর্ত উপভোগ করুক; এটাই তাদের সময়। ঢাকায় গিয়ে আমাকে ইংল্যান্ডের টিকিটের ব্যবস্থা করতে হবে, কাজ রয়েছে।” কিছুদিন আগে জন্ম নেওয়া তার নাতিকে দেখার উদ্দেশ্যে ইংল্যান্ডে যাচ্ছেন বাটলার এবং কিছুদিন পর আবার ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।


















