২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে রাজনৈতিক দল, নারী প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গেও সংলাপ করবে নির্বাচন কমিশন
রোববার শুরু হচ্ছে নির্বাচনি সংলাপ: সুশীল সমাজ ও শিক্ষাবিদের সঙ্গে বসছে ইসি
- আপডেট সময় : ০৯:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 130
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) এ সংলাপের প্রথম দিন নির্ধারিত হয়েছে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীর সঙ্গে আলোচনা হবে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।
ইসির পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝিতে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গেও আলাদা সংলাপ আয়োজন করা হবে।
বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই এই নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। তবে সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন পুনর্বহাল করা হলেও ইসি শুধুমাত্র জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশে নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
ইসি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। এজন্য ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

























