মহার্ঘ ভাতা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি অর্থ উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 285
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রসঙ্গে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত “দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা” বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত মানা হয় না, ফলে অনেক সময় বলা হয়, বাংলাদেশ আইএমএফের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। তবে সরকার আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষার চেষ্টা করছে এবং এখনো মহার্ঘ ভাতা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
শিক্ষকদের দাবির বিষয়ে তিনি বলেন, আগামী বাজেটে তাদের জন্য কী করা যায়, তা সরকার পর্যালোচনা করছে।
প্রবাসী আয় প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবৈধভাবে কর্মরত শ্রমিকদের বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে। হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠালে সেটি সরকারি রিজার্ভে যুক্ত হয় না, যা অর্থনীতির জন্য নেতিবাচক। অন্যদিকে, বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিতে হবে, কারণ ভারত ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর কর্মীরা দক্ষ হয়ে বিদেশে যান।
অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জের কথা স্বীকার করে তিনি বলেন, “আমাদের হয়তো কিছু ব্যর্থতা আছে, কিছু ভুলত্রুটি থাকবে, কিন্তু পরিবর্তনের ধারা বজায় রাখতে রাজনৈতিক সরকারগুলোকে আরও সক্রিয় হতে হবে।”বাংলাদেশকে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে রাজনৈতিক সরকারের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন অর্থ উপদেষ্টা।

























