রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধার করতে হবে: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
- আপডেট সময় : ০৪:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / 336
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “আমরা শাসন করতে আসিনি। যারা ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন, তাদের পথ সুগম করতে এসেছি। আমাদের পলিটিক্যাল কালচার নষ্ট হয়ে গেছে, যা পুনরুদ্ধার করা অত্যাবশ্যক।”
শুক্রবার (১৮ অক্টোবর) কক্সবাজারে বায়তুশ শরফ কমপ্লেক্সে আয়োজিত হজরত আবদুল কাদের জিলানীর (রহ.) ইছালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।
ড. খালিদ হোসেন আরও বলেন, “নির্বাচনের সংস্কৃতি দীর্ঘদিন ধরে মানুষের মনে নেই। মানুষ জানেই না ভোট কী। ভোট হলো আমানত, যার মাধ্যমে একজন সৎ ও যোগ্য মানুষ নির্বাচিত হবেন। আগামীতে আপনারাই ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করবো।”
তিনি আরও বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তী সরকার না আসা পর্যন্ত আমরা দায়িত্ব পালন করবো। এই সরকারের মূল লক্ষ্য হলো রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পুনরুদ্ধার। ইতোমধ্যেই কিছু সংস্কার কমিটি গঠন করা হয়েছে, যারা নিরলসভাবে কাজ করছে।”
বায়তুশ শরফের ভূমিকা
ড. খালিদ বায়তুশ শরফের অবদান উল্লেখ করে বলেন, “বায়তুশ শরফ একটি ইতিহাস। এ সংগঠনের দেশব্যাপী শত শত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শুধুমাত্র স্থানীয় জনগণের সহযোগিতায় এ বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে, যা সত্যিই বিস্ময়কর।”
এসময় বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার এবং উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ।
উপদেষ্টার বিভিন্ন কার্যক্রম
অনুষ্ঠানের আগে উপদেষ্টা কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের ভিআইপি কেবিন, বায়তুশ শরফ জব্বারিয়া অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাভবন ও মসজিদ উদ্বোধন করেন। এছাড়া, তিনি কক্সবাজার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রও পরিদর্শন করেন।
পরে তিনি কক্সবাজার প্রেস ক্লাব ও হিলডাউন সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।



















