শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- আপডেট সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / 309
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাকে ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
একই দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার পৃথক আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এ পরোয়ানা জারি করেন।
এর আগে সকাল সাড়ে ১১টায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের হত্যা, গণহত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যার তথ্যসমূহ তুলে ধরেন। এছাড়াও শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম আবেদন করে।
গত ১৫ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। তার সঙ্গে ট্রাইব্যুনালের দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরীও উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
অন্যদিকে, গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম ঘোষণা দেন যে, শেখ হাসিনাসহ পলাতক অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।


























