সাগরে নতুন লঘুচাপের আভাস, দেশে বাড়তে পারে বৃষ্টি
- আপডেট সময় : ০৮:০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 93
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটি ঘনীভূত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে। তবে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত আবহাওয়ার ধারা একই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালেও বৃষ্টি নামতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন লঘুচাপের প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ফলে নদী ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।





























