হজের খরচ কমছে, ঘোষণা আসছে দুদিনের মধ্যে
- আপডেট সময় : ০৪:৩২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / 262
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এ বছর হজের খরচ কমানো হচ্ছে এবং আগামী দুইদিনের মধ্যে হজের খরচের বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। তিনি জানান, ২০২৫ সালের জুন মাসে অনুষ্ঠেয় হজের জন্য বাংলাদেশি হজযাত্রীদের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এই তথ্য জানান। তিনি বলেন, “আমরা অল্পদিনের জন্য দায়িত্ব পেলেও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হজ প্যাকেজ নিয়ে কাজ করছি। দেশের মানুষের হজ খরচ কমানোর জন্য দিন-রাত চেষ্টা করছি।”
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “আমি নিজে কয়েকবার হজ করেছি। খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। মক্কা-মদিনা সফর করে সৌদি মন্ত্রীর সাথে আলাপ করেছি এবং দেশে ফিরে বিমানের সাথে ও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে বসে আলোচনা করেছি। এনবিআরের সাথে বসে দুই ক্যাটাগরিতে হজ প্যাকেজ নির্ধারণ করেছি।”
তিনি উল্লেখ করেন, “হজযাত্রীদের জন্য দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে—একটি মক্কার কাছাকাছি এবং অপরটি আড়াই কিলোমিটার দূরে। হাজিদের সেবায় ৮০ জন অভিজ্ঞ ডাক্তার, ২০০ নার্স ও এক কোটি টাকার ওষুধ সরবরাহ করা হবে। ইনশাল্লাহ, আমি নিজেও হজে গিয়ে দেখবো যেন হাজিদের কোনো অসুবিধা না হয়।”
অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধর্ম উপদেষ্টা বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জের মুখে। পাঁচ শতাধিক মডেল মসজিদ তৈরির কাজ চলছে এবং এর কিছু মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে কিছু মসজিদে কাজ এখনো চলমান।”
তিনি আরও জানান, “মডেল মসজিদগুলোর জন্য সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায়ন রয়েছে, যদিও সৌদি আরব সহায়তা দিতে চেয়েছিল, কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। কোনো অনিয়ম সহ্য করা হবে না। কিছু মসজিদের ছাদ থেকে পানি পড়ছে, কুমিল্লার একটি মডেল মসজিদ পরিদর্শন করে এমন সমস্যার মুখোমুখি হয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

















