গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ ২৪ ঘণ্টায় আটক ৬৫ জন
- আপডেট সময় : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 324
গাজীপুরসহ দেশব্যাপী চালানো ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুর জেলা থেকে ৬৫ জনকে আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতভর এই বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের তথ্য অনুযায়ী, জেলার শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানার অভিযানে ৪০ জন আটক হয়েছেন। গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, আটককৃতরা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এছাড়া, গাজীপুর মহানগরীর আটটি থানার মধ্যে সাতটি থানায় ২৫ জনকে আটক করা হয়েছে। টঙ্গী পূর্ব ও পূবাইল থানায় একজন করে ২ জন, গাছা থানায় ৫ জন, বাসন থানায় ৮ জন, কোনাবাড়ি থানায় ২ জন, সদর থানায় ৪ জন এবং কাশিমপুর থানায় ৪ জনকে আটক করা হয়েছে।
গাজীপুরের উপ-কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, রোববার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত মহানগর এলাকা থেকে ২৫ জন আটকের তথ্য নিশ্চিত হয়েছে।

























