জনগণের আস্থা ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি : তারেক রহমান
- আপডেট সময় : ০৮:১৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 116
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা পুনর্গঠনই এখন দলের মূল লক্ষ্য। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা জরুরি। এজন্য বিএনপি তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করছে। তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ৭ হাজারেরও বেশি দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের কারণে অনেককে বহিষ্কার করা হয়েছে।
তিনি লিখেছেন, শৃঙ্খলাই বিএনপির শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, দলটি সততার ব্যাপারে আন্তরিক এবং নিজেদেরও একই মানদণ্ডে দাঁড় করায়। তরুণ প্রজন্মকে সামনে রেখে বিএনপি গণতান্ত্রিক রাজনীতিকে সবার অংশগ্রহণের মহৎ ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায়।
তারেক রহমান আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপির নীতিমালা তৈরি করা হয়েছে। নারী, তরুণ নেতা এবং পেশাজীবীদের সম্পৃক্ত করেই জাতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণকে ক্ষমতায়ন করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও গণমানুষের অধিকারের জন্য আপসহীন লড়াই করেছেন। সেই আদর্শ ধারণ করেই বিএনপি আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও ভবিষ্যতমুখী বাংলাদেশ গড়তে চায়।
শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, সবাই ঐক্যবদ্ধ থেকে জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ হলে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।




























