এইচএসসি পরীক্ষার্থীদের বৈষম্যহীন ফলের দাবিতে
ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও
- আপডেট সময় : ১১:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / 279
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বৈষম্যহীনভাবে প্রকাশের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন পরীক্ষার্থীদের একটি অংশ। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে কিছু শিক্ষার্থী ও যুবক বোর্ডের মূল ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তারা বোর্ডের ফটকে তালা ঝুলিয়ে দেয়, ফলে ভেতরে আটকা পড়েন একাধিক কর্মকর্তা ও কর্মচারী।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রায় ২০-২৫ জনের একটি গ্রুপ হঠাৎ বোর্ডের গেটে এসে হট্টগোল শুরু করে। তারা অটোপাসের দাবিতে স্লোগান দেয় এবং প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।’ এই অবস্থায় বোর্ডের অনেক কর্মচারী ভেতরে আটকা পড়ে যান।
বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীদের দাবি, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে বৈষম্য যেন না থাকে এবং যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের অটোপাসের সুযোগ দেওয়া হোক।

শিক্ষার্থীদের দাবির প্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষায় কিছু শিক্ষার্থীর অটোপাসের দাবির প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, “অটোপাস করানো হলে যে বিপুল সংখ্যক শিক্ষার্থী ইতোমধ্যেই কৃতকার্য হয়েছে, তাদের অর্জনকে অবমূল্যায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “এবারের এইচএসসি পরীক্ষার বাকি অংশ নিতে পারলেই ভালো হতো। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছে। তবে বোর্ড কর্তৃপক্ষ এসএসসি ফলাফলের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত ফলাফল তৈরি করছে।”
এদিকে, শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের ভবিষ্যৎ যেন অবহেলা না করা হয় এবং পরীক্ষার ফলাফলে কোনো ধরনের বৈষম্য না থাকে। শিক্ষার্থীদের মধ্যে অটোপাসের দাবি জোরালো হলেও কর্তৃপক্ষের মতে, তা বাস্তবায়ন করা সবার জন্য উপযুক্ত হবে না।

















