তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি ১৭ নভেম্বর
- আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / 221
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় চালু করার দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও বিশিষ্ট ব্যক্তিদের করা তিনটি পৃথক রিভিউ আবেদন শুনানির তারিখ ১৭ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার রিভিউ আবেদন জমা দেন। এর আগে ১৬ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গত ২৭ আগস্ট সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন রিভিউ আবেদন করেন। অন্যান্য আবেদনকারীরা হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া এবং জাহরা রহমান।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এর বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ১৯৯৮ সালে একটি রিট করা হয়। পরে ২০০৪ সালে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করা হলেও, ২০০৫ সালে পুনরায় আপিল করা হয়। পরবর্তীতে, ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় প্রদান করেন।
এই রায়ের পর জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়, যা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে।
























