বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে নারায়ণগঞ্জে হামলা
- আপডেট সময় : ০৯:০০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / 330
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৩ মিনিটে আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
হাসনাত তার পোস্টে উল্লেখ করেন, “ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে আমাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। হামলায় আমাদের ব্যাগ ও মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং দলের অনেক সদস্য আহত হয়েছেন। আমরা বাংলাদেশ সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এর আগে গত ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সংগঠনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটে যাওয়া এই ঘটনায় তাদের প্রাণনাশের উদ্দেশ্যে ট্রাক ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ।
এর ঠিক পরদিন ২৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হাসনাত আবদুল্লাহকে আবারও গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরপর ঘটতে থাকা এই হামলার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এছাড়া, সংগঠনের নেতারা বলেছেন, এই হামলা তাদের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।



















