ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ
- আপডেট সময় : ১১:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / 281
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আগত ইউএস বাংলার একটি ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ স্বর্ণগুলো জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান।
মিজানুর রহমান জানান, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার ওই ফ্লাইটটি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, তখন গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির সময় ফ্লাইটের ১৪-এ ও ১৫-এ সিটের নিচে দুটি বান্ডেলে লুকানো স্বর্ণের বারগুলো সনাক্ত করা হয়। বান্ডেল দুটি খুলে মোট ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম।
এভাবে জব্দকৃত স্বর্ণের মোট ওজন দাঁড়ায় ৬ দশমিক ৯৬ কেজি, যা বর্তমান বাজারমূল্যে প্রায় ৭ কোটি টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মিজানুর রহমান।

























