আওয়ামী লীগের আমলে ৮০০ বার আদালতে হাজিরা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্য
- আপডেট সময় : ১০:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / 432
বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে তাকে প্রায় ৮০০ বার আদালতে হাজিরা দিতে হয়েছে। রোববার (২৭ অক্টোবর) ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটিতে (সিআরইউ) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, “আমার বিরুদ্ধে কত মামলা রয়েছে সেটাও আমি জানি না। বিগত সরকারের সময় প্রায় প্রতিদিনই আদালতে যাওয়া লেগেই থাকত। গ্রেফতার হওয়া এবং কারাগারে যাওয়া আমার জন্য নিয়মিত ঘটনা হয়ে উঠেছিল। একটানা ১৮ মাস কারাগারে ছিলাম, পরে আরও একবার ৫ মাস বন্দি ছিলাম। আমার বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলাই ভিত্তিহীন এবং মিথ্যা বলে আমি মনে করি।”
তিনি আরও বলেন, “বিগত সরকার ছিল প্রতিহিংসাপরায়ণ। তাদের অপরাধের বিচার আমরা আইনের মাধ্যমে চাই। তারা প্রতিটি প্রতিষ্ঠানকে ঘুস, দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে ভেতর থেকে দুর্বল করে তুলেছিল। তারা দুর্নীতিকে এমনভাবে উৎসাহিত করেছে যে, সঠিক পথে থেকে কাজ করা তাদের কাছে অপরিচিত হয়ে গিয়েছিল।”
























