ট্রাম্পের দলেও ড. ইউনূসের বন্ধু রয়েছে, জানালেন প্রেস সচিব
- আপডেট সময় : ০৮:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / 238
মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের ফলে বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক আরও গভীরতর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ডেমোক্রেটিক ও রিপাবলিক উভয় দলের মধ্যেই ড. ইউনূসের বন্ধুরা রয়েছেন, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন সমসাময়িক বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ট্রাম্পের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয়ে দেওয়া টুইট সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, “ট্রাম্প ওই সময় প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন এবং আমরা মনে করি, তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট হিসেবে তিনি এ বিষয়ে আরও বিস্তারিত দেখবেন বলে আমাদের বিশ্বাস। সংখ্যালঘু নির্যাতনের খবরগুলো অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত।”
এছাড়া চট্টগ্রামের ইসকন মন্দিরের সাম্প্রতিক ঘটনার বিষয়ে তিনি জানান, এ বিষয়ে সিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে, যা থেকে বিস্তারিত জানা যাবে।
















