সৌদি, পাকিস্তান ও ভারতের শীর্ষ আলেমদের উপস্থিতিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ধর্মীয় সমাবেশ
সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন, যোগ দেবেন বিশ্ববরেণ্য আলেমরা
- আপডেট সময় : ১০:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 344
আগামী নভেম্বরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন। এই মহাসম্মেলনে যোগ দিতে সৌদি আরব, পাকিস্তান ও ভারতের একাধিক বিশ্ববরেণ্য আলেম বাংলাদেশ সফরে আসবেন।
আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর মহাসচিব ও সম্মিলিত খতমে নবুওয়াত সম্মেলনের সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বের অন্যতম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ পাকিস্তানের আল্লামা মুফতি তাকী উসমানীর নিকটও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। যদিও তার উপস্থিতি এখনো নিশ্চিত নয়, তবে আয়োজকরা আশাবাদী তিনি দাওয়াত গ্রহণ করবেন।

আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন— পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের প্রভাবশালী আলেম ও জমিয়তে উলামায়ে হিন্দ সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম নোমানি, মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি, এছাড়া মক্কা শরিফের প্রখ্যাত আলেম মাওলানা ওমর হাফিজ মক্কি ও মাওলানা আবদুর রউফ মক্কি।
মাওলানা মুহিউদ্দিন রব্বানী আরও জানান, খতমে নবুওয়ত সম্মেলনের সফল আয়োজনের জন্য ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সম্মেলনটি আয়োজন করছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ এবং এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।
আয়োজকদের প্রত্যাশা, এই আন্তর্জাতিক সম্মেলন ইসলামী বিশ্বে নবুওয়তের মূলনীতি ও ঐক্যের বার্তা আরও সুদৃঢ় করবে।





























