নাটোরে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ব্যাটারিচালিত বউ রিক্সা
- আপডেট সময় : ১১:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 119
নাটোরে ব্যাটারিচালিত একটি বউ রিক্সা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে পুলিশ সাত সদস্যের একটি ডাকাত চক্রকে গ্রেপ্তার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া রিক্সাটি, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
ভুক্তভোগী কোয়েল হোসেন (২২) জানান, গত ১৪ অক্টোবর রাতে বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নামিয়ে তিনি নিচাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে আল-সান ক্লিনিকের সামনে থেকে যাত্রী বেশে কয়েকজন ব্যক্তি তার রিক্সায় ওঠে। পরে নির্জন স্থানে নিয়ে তাকে মারধর করে রিক্সাটি ছিনিয়ে নেয় এবং ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এছাড়া, জোরপূর্বক একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
ঘটনার পর নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয় (এফআইআর নং-১২, জি.আর. নং-৩৬১, ধারা ৩৯৫ পেনাল কোড)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শাহাদত হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত শুরু করেন। নাটোর জেলা পুলিশের নির্দেশনায় অভিযান পরিচালনা করে প্রথম ধাপে ফতেঙ্গাপাড়া এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ছিনতাইকৃত ব্যাটারিচালিত বউ রিক্সাটি।
পরে আরও তিনজন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ শাকিল (২৩)
২. মোঃ সাঈদ (১৯)
৩. মোঃ রুমেল (১৯)
৪. মোঃ রুবেল (৩০)
৫. মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫)
৬. মোঃ ইসমাইল হোসেন (৪৩)
৭. মোঃ আবু সাঈদ (৪৭)।
নাটোরের পুলিশ সুপার বলেন, পুলিশের দ্রুত পদক্ষেপ জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অঙ্গীকারের প্রতিফলন। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।





























