বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে কিছু রাজনৈতিক দল: নাটোরে দুলু
- আপডেট সময় : ০৮:৫১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 68
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ষড়যন্ত্র ও চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে। কিছু কিছু রাজনৈতিক দল মনে করছে, নির্বাচন নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমানের নেতৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখনও ষড়যন্ত্র হয়। আবার বিএনপি যখন ক্ষমতায় যাওয়ার পথে, তখনও ষড়যন্ত্র হয়। তারই অংশ হিসেবে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন বানচালের উদ্দেশ্যে।
তিনি বলেন, “আমি অনুরোধ করবো—আপনারা বিএনপি নেতাকর্মীরা সকল বিভেদ ও দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকুন এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জয় নিশ্চিত করুন। এই ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো অপচেষ্টা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে।”
তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর-নলডাঙ্গা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য ছাবিনা ইয়াসমিন ছবি ও নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপির নেতৃবৃন্দ।





























