বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
- আপডেট সময় : ১০:৪১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 112
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, বিশেষ করে শিল্পকারখানা ও আমন মৌসুমে সেচ কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়ছে।
তথ্যসূত্রে জানা যায়, ২০ অক্টোবর ২০২৫ (সোমবার) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই কেন্দ্রটি দিনাজপুরের পার্বতীপুর কয়লাখনি থেকে আহরিত কয়লা ব্যবহার করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করে থাকে।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর পাঁচদিন পর, সোমবার সকাল ৭টা ৩৯ মিনিটে ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটিও বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘদিন ধরে মেরামতের কাজের কারণে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে তিনটি ইউনিটই বন্ধ থাকায় কেন্দ্রটির পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।
এ পরিস্থিতিতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন শিল্প এলাকা ও কৃষি খাতে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান,
“যান্ত্রিক ত্রুটির কারণে চলমান ১ ও ৩ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে গেছে। ২ নম্বর ইউনিটটি আগেই মেরামতের জন্য বন্ধ রয়েছে। সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত কোনো ইউনিট সচল করা সম্ভব নয়।”
তিনি আরও জানান, যান্ত্রিক ত্রুটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন এবং যত দ্রুত সম্ভব বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালুর চেষ্টা চলছে।
























