পাহাড়পুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারে সভা
- আপডেট সময় : ০৮:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 103
বদলগাছী (নওগাঁ): নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারের লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ অক্টোবর, সোমবার বিকেল ৪টায় পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়। সভায় বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনের সাবেক সংসদ সদস্য আখতার হামিদ সিদ্দিকীর পুত্র পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থক এবং পাহাড়পুর ইউনিয়নবাসী অংশ নেন। আলোচনা সভার আগে নেতাকর্মীরা ধানের শীষ স্লোগানে মুখরিত হয়ে ঐতিহাসিক পাহাড়পুর বাজার প্রদক্ষিণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির প্রবীণ নেতা মোঃ জাহাঙ্গীর চৌধুরী। তিনি ৩১ দফা বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান। তিনি সভার শেষে পাহাড়পুর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে মোঃ মতিয়র রহমান মাস্টার ও সদস্য হিসেবে গোলাম হাসর এইচ-এর নাম ঘোষণা করেন।
প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নওগাঁ জেলা শাখার সদস্য মোঃ আলম খান উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, “যদি দাঁড়ি-পাল্লায় ভোট দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হয়, তবে গোলাম আজম, নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কেন জাহান্নামে পাঠানো হলো?” তিনি নেতাকর্মীদের অন্যায়কারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উৎসাহিত করেন।
পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোসারফ হোসেন বলেন, “আমরা সবসময় দলের সিদ্ধান্তের প্রতি অনুগত। যে প্রার্থী দলীয় মনোনয়ন পাবেন, আমরা তাঁর পক্ষেই কাজ করবো। গত নির্বাচনে জনি ভাই বিপুল ভোটে বিজয়ের কাছাকাছি ছিলেন। তাই আমরা বিশ্বাস করি, আগামীতেও তিনিই মনোনয়ন পাবেন।”
এছাড়াও ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়র রহমান মাস্টার এবং জিয়া সাইবার ফোর্স, বদলগাছী উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম হাসর এইচ বক্তব্য রাখেন। বক্তারা ভালোবাসা ও আদর্শের মাধ্যমে জনগণের মন জয় করার উপর গুরুত্ব দেন এবং ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোসারফ হোসেন, মোঃ মতিয়র রহমান, মোঃ আলমগীর মোরশেদ, গোলাম হাসর এইচ, ফজলুল হক মাস্টার-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নীতি ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

























