কার্গো ভিলেজে আগুন: তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম
- আপডেট সময় : ০৩:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 86
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় চার দেশের বিশেষজ্ঞ টিম কাজ করবে।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড ও তুরস্ক থেকে বিশেষজ্ঞ দল আনা হচ্ছে। তারা আগুন লাগার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে যৌথভাবে তদন্ত করবে।
তিনি বলেন, ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছে। এয়ারপোর্ট অথরিটির চার ইউনিট মাত্র চার মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়, আর ফায়ার সার্ভিসের দল আসে ১৫–২০ মিনিটের মধ্যে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ ওই এলাকায় খাদ্যপণ্য ছিল, কেমিক্যাল নয়।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক টিমের তদন্তের মাধ্যমে ঘটনাটির স্বচ্ছ ও নির্ভরযোগ্য প্রতিবেদন পাওয়া যাবে।

























