চরভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান: ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ
- আপডেট সময় : ০৬:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 108
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় “মা” ইলিশ সংরক্ষণে মৎস্য অধিদপ্তরের অভিযানে পদ্মা নদী থেকে ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) দুপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক এমদাদুল্ল্যাহ মোল্লার দিকনির্দেশনা এবং ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের তত্ত্বাবধানে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের চৌকস একটি টিম স্পিডবোট নিয়ে পদ্মা নদীতে নামলে জেলেরা নৌকায় কারেন্ট জাল ফেলে পালিয়ে যায়। পরে ২৫ হাজার মিটার জাটকা ধরার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে এসব জাল বিধি অনুসারে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান, “ইলিশের প্রজনন মৌসুমে পদ্মা নদীতে কোনোভাবেই অবৈধভাবে মাছ ধরা সহ্য করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



















