আগামী নির্বাচন হবে পরিবর্তনের ঐতিহাসিক অধ্যায়: ড. মুহাম্মদ ইউনূস
- আপডেট সময় : ০৬:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 83
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। তিনি বলেন, “আপনারা এমন এক সময়ে এসেছেন, যখন যুবসমাজের নেতৃত্বে সংঘটিত পরিবর্তনের পর বাংলাদেশ এক নতুন পথে অগ্রসর হচ্ছে। এখন আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা হবে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।”
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা জানান, “প্রায় আট বছর ধরে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। তবে তাদের নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো সমাধান নেই। প্রায় ১২ লাখ মানুষ এখানে বসবাস করছে, কিন্তু তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এই মানবিক সংকট এখন অর্থনৈতিক চাপে পরিণত হয়েছে।”
সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূসের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই সংকট নিয়ে কথা বলছি। বিশ্বের উচিত এখনই তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে আসা।”
প্রতিনিধি দলে ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ, সামির জুবেরি, মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই)-এর গ্লোবাল সিইও মাসুম মাহবুব, হিউম্যান কনসার্ন ইউএসএ (এইচসিইউএসএ)-এর সিইও আহমাদ আত্তিয়া, এবং ইসলামিক রিলিফ কানাডার সিইও উসামা খান।
সংসদ সদস্য সামির জুবেরি বলেন, “বাংলাদেশ ও কানাডার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে। আমরা বাণিজ্য বৈচিত্র্যকরণের মাধ্যমে নতুন সম্ভাবনা খুঁজছি। আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি এশিয়া সফরে গেছেন—এর লক্ষ্যই হলো বাণিজ্য অংশীদারিত্বের সম্প্রসারণ।”
বৈঠকে তৈরি পোশাক, কৃষি, ও রপ্তানি খাতে কানাডীয় বিনিয়োগ বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা হয়। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
















