জুলাই অভ্যুত্থান সুরক্ষা আইন’ সংসদে অনুমোদিত
- আপডেট সময় : ০৭:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 30
জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ সর্বসম্মতভাবে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদন পায়।
নতুন এই আইনের মাধ্যমে জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহারের সুযোগ তৈরি হয়েছে। নির্ধারিত বিধি মেনে এসব মামলা বাতিল করা হবে বলে আইনে উল্লেখ রয়েছে।
এছাড়া ভবিষ্যতে এ অভ্যুত্থান-সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে নতুন করে মামলা বা আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও আইনগত বাধা সৃষ্টি হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নতুন মামলা দায়ের কার্যত বন্ধ থাকবে।

এর আগে একই অধিবেশনে ‘সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী) অধ্যাদেশ বিল-২০২৬’ পাস হয়। এর ফলে সরকার এখন থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে।
এই সংশোধনীর ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আইনি ভিত্তিও আরও সুসংহত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।















