হাইকোর্টের রুল: মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ কেন নয়?
- আপডেট সময় : ০২:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 94
রাজধানীর মেট্রোরেলে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ। আদালত মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও দিয়েছে। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। একই ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়েও আলাদা রিট করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের আবুল কালাম নিহত হন। এ ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।
























