নাটোর জেলার সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বড়াইগ্রাম থানার ওসি মোঃ গোলাম সারওয়ার হোসেন। মঙ্গলবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বড়াইগ্রাম থানার ওসি’র হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
ছবি: সম্মাননা উপহার
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), সিআইডি নাটোর প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ওসি গোলাম সারওয়ার হোসেনকে এ সম্মাননা প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি চাঁদাবাজি প্রতিরোধ, রাত্রিকালীন টহল জোরদার ও চুরি-ডাকাতি দমনসহ গোয়েন্দা তথ্য সমন্বয়ের ওপর জোর দেন।