মোদির সঙ্গে ফোনে ট্রাম্পের রুশ তেল আলোচনায় নতুন চাপ
- আপডেট সময় : ০১:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 84
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় বাণিজ্য ও রাশিয়া থেকে তেল আমদানি ছিল মূল বিষয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা নানা বিষয় নিয়ে কথা বলেছি। তবে মূল গুরুত্ব ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য ও জ্বালানি আমদানি।’
ট্রাম্প জানান, তিনি মোদিকে রাশিয়া থেকে তেল কেনা সীমিত করতে অনুরোধ করেছেন। মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রুশ তেলের ওপর নির্ভরতা কমাবে। ট্রাম্প বলেন, “তিনি বলেছেন, রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনিও চান যুদ্ধ দ্রুত শেষ হোক, আমিও তাই চাই।”
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়া থেকে ছাড়ে তেল কিনছে। এতে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে, কারণ ভারত এখন রুশ তেলের অন্যতম বৃহৎ ক্রেতা।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ভারতের প্রতি কঠোর অবস্থান নিয়েছে। রুশ তেল আমদানি না কমালে ভারতীয় রপ্তানিপণ্যে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।
দুদিন আগে প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারত যদি রুশ তেল কেনা বন্ধ না করে, তবে তাদের পণ্যের ওপর বিশাল শুল্ক আরোপ করা হবে।”
আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় টেক্সটাইল, ওষুধ ও গাড়ির যন্ত্রাংশে আমদানি শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ট্রাম্প বলেন, “ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি কমাতে না পারে, তাহলে এই শুল্ক অপরিবর্তিত থাকবে বা আরও বাড়তে পারে।”


















