বাফুফে নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত তাবিথ আউয়াল
- আপডেট সময় : ০৭:৫১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / 264
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে জয়ী হয়েছেন তাবিথ আউয়াল। ১২৩ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণা করে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।
শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বাফুফের প্রথম সভাপতি ছিলেন এসএ সুলতান, এবং পরবর্তী সময়ে কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন টানা ৪ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। তাবিথ আউয়াল বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি এবং ভোটের হিসেব অনুযায়ী সর্বাধিক ভোট পেয়েছেন।
এবারের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদে ভোট অনুষ্ঠিত হয়। ২০টি পদের জন্য ৪৫ জন প্রার্থী ছিলেন। ১৫টি নির্বাহী সদস্য পদের জন্য প্রার্থী সংখ্যা ছিল ৩৭ জন, ৪টি সহ-সভাপতি পদে ৬ জন এবং সভাপতি পদে ২ জন প্রার্থী অংশ নেন। সিনিয়র সহ-সভাপতি পদে ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।





























