শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না: ইসি
- আপডেট সময় : ০৭:২৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 130
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি লক থাকার কারণে তারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না এবং ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে না।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “যাদের এনআইডি লক করা আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। কারণ ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক এবং এর জন্য এনআইডি সক্রিয় থাকতে হবে।”
এর আগে গত এপ্রিল মাসে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয়। লক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন– রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।
ইসি সচিব আরও জানান, আসন্ন নির্বাচনে দেশীয় ও প্রবাসী উভয় ভোটের ব্যবস্থা থাকবে। তবে বিদেশে অবস্থানকারীরা শুধু অনলাইনে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। নিবন্ধনের জন্য এনআইডি বাধ্যতামূলক করা হয়েছে, পাসপোর্ট নয়। ফলে যাদের এনআইডি লক করা থাকবে তারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
তিনি আরও বলেন, মামলার কারণে বা অন্য কোনো কারণে বিদেশে অবস্থানকারীরা চাইলে ভোট দিতে পারবেন। তবে তাদের এনআইডি অবশ্যই আনলক থাকতে হবে। যেহেতু শেখ হাসিনার এনআইডি লক, তাই তিনি প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ পাবেন না।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়েন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন। যদিও দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে, তবুও তাদের ভোটাধিকার অক্ষুণ্ণ রয়েছে। তবে এনআইডি লক থাকা নেতারা এ সুযোগ থেকে বঞ্চিত হবেন।


















