অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের স্ট্যাটাস
- আপডেট সময় : ০৭:৫৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / 241
শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন যে, অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের ধারণাটি প্রথমবারের মতো গণঅভ্যুত্থানের নেতারা উপস্থাপন করেছিলেন। তবে প্রমিনেন্ট রাজনৈতিক দলের সমর্থন না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, ৮ দিবসের অনুষ্ঠান বাতিল বা ছাত্র*লীগ নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত এই উপদেষ্টা পরিষদ অকপটে নিয়েছে। অনেকেই তাদের অভ্যুত্থানের স্পিরিট ধারণ না করার অপবাদ দিলেও, তারা স্পষ্টভাবে দৃঢ় অবস্থানে রয়েছেন। অন্যদিকে প্রমিনেন্ট রাজনৈতিক দলকে আওয়ামী লীগের সমর্থন দিতে দেখা গেছে, যা ফ্যাসিবাদী শক্তি অপসারণে অনীহা প্রকাশ করেছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমরা রক্ত মাড়িয়ে সংলাপ বা আপোষে যেতে অভ্যস্ত নই। আমাদের আপোষহীন মনোভাবের কারণেই আজকের স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি।” তিনি আরো উল্লেখ করেন, ৫ আগস্ট প্রথম প্রহরে গণঅভ্যুত্থানের পর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘোষণা করা হয়, যার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের ঘোষণা ছিল। এই উদ্যোগ ছিল গণঅভ্যুত্থানের নেতাদের প্রথম অভিপ্রায়। কিন্তু, গুরুত্বপূর্ণ দলের সমর্থন না থাকায় তা বাস্তবে রূপ নেয়নি।




























