গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জয়পুরহাটে
- আপডেট সময় : ০৬:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 260
২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে জন্ম নেওয়া রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৬ অক্টোবর) উদযাপিত হয়েছে। ‘গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ’— এই চার মূলনীতি ধারণ করে ২০২১ সালের এই দিনে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
দলের মূল স্লোগান— “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।”
বর্তমানে সংগঠনটির সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। ২০২৪ সালের সেপ্টেম্বরে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে এবং প্রতীক হিসেবে পায় ‘ট্রাক’।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক মতবিনিময় সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আ. হামিদ বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ, কৃষকের ন্যায্য দাবি আদায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মোদিবিরোধী আন্দোলনে গণঅধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মোদিবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও যুব অধিকার পরিষদের ৫৪ জন নেতাকর্মী কারাভোগ করেন।”
সভায় বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সুমন আহমেদ অভি। তিনি বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই গণঅধিকার পরিষদের জন্ম। ভয় ও নিপীড়নের সময়েও সংগঠনটির নেতারা জনগণের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে ছিলেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আরিফ ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির, সিনিয়র সহসভাপতি শাহিন, সদর উপজেলা আহ্বায়ক মো. হয়রত আলী ও সদস্য সচিব মো. আব্দুর রউফ। এছাড়া আমদই ইউনিয়নের আহ্বায়ক মো. বিপ্লব হোসেন, কালাই উপজেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক মো. সুমন মন্ডলসহ জেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





























