নলডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা সোহেলের মৃত্যু
- আপডেট সময় : ১০:১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 87
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আত্রাই-নাটোর সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মৃত্যুবরণ করেন।
নিহত সোহেল রানা বাসুদেবপুর সাজীপাড়ার মোঃ সাহেব আলীর একমাত্র ছেলে। তিনি নবাব সিরাজউদদৌলা সরকারি কলেজ থেকে রসায়নে অনার্স সম্পন্ন করেছেন। শিক্ষাজীবনে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ গোল্ডেন পেয়ে ছিলেন তিনি।
নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল জানান, সোহেল ছিলেন নিবেদিতপ্রাণ ছাত্রদল নেতা এবং অত্যন্ত মেধাবী ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বলেন, “উপজেলা বিএনপি একজন কর্মঠ, সৎ ও আদর্শবান নেতাকে হারালো।”
আল্লাহ মরহুমের আত্মার মাগফিরাত করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন—এ কামনা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের।





























