নাটোরে গোডাউন থেকে ১০ টন গুলির খোসা উদ্ধার
- আপডেট সময় : ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 110
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে একটি গোডাউন থেকে প্রায় ১০ টন (১০,০০০ কেজি) গুলির খোসা উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে স্থানীয় ব্যবসায়ী শিহাব উদ্দিনের মালিকানাধীন গোডাউনে এসব গুলির খোসা মজুত থাকার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাব উদ্দিন রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিলামের মাধ্যমে স্ক্র্যাপ হিসেবে এসব গুলির খোসা ক্রয় করেন। প্রতি কেজি ৪০ টাকায় ক্রয়মূল্যে মোট প্রায় ১০ টন গুলির খোসা তিনি সংরক্ষণ করছিলেন।
খবর পেয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গোডাউন পরিদর্শন করেন। এ সময় তারা গুলির খোসার কাগজপত্র ও ক্রয়প্রক্রিয়া যাচাই শুরু করেন।
স্থানীয়দের মধ্যে এত বিপুল পরিমাণ গুলির খোসা সংরক্ষণে কিছুটা উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত রাখেন এবং সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, তদন্ত শেষে গুলির খোসা সংরক্ষণ বৈধ কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।



















