নাটোরে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা সাইনবোর্ড স্থাপন
- আপডেট সময় : ০৭:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 145
“বন ও বন্যপ্রাণী রক্ষার মাধ্যমে সুস্থ, সুন্দর পৃথিবী গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে সামাজিক বন বিভাগ রাজশাহীর উদ্যোগে নাটোরের বিভিন্ন এলাকায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে “মিনি কক্সবাজার” খ্যাত হালতিবিলের প্রবেশদ্বার পাটুল, মাধনগর ও সমসখলসি এলাকায় সামাজিক বন বিভাগ ও বিবিসিএফের সদস্য সংগঠন ‘সবুজ বাংলা’র সহায়তায় এসব সাইনবোর্ড স্থাপন করা হয়। পরে স্থানীয়দের নিয়ে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং সামাজিক বন বিভাগ রাজশাহীর প্রতিনিধি মোঃ ওবায়দুল হক ও সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, পরিবেশ কর্মী মহির মেম্বার, টিটু সরদার, এলায়েত হোসেন, সান্টু ইসলাম, জিয়াউল হক, সৈকত হোসেন, সজিব সরদার, রায়হান আহম্মেদ, রুবেল প্রামাণিকসহ অন্যান্য পরিবেশপ্রেমীরা।
আলোচনায় বক্তারা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবাইকে প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় যত্নবান হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান।





























