নাটোর সুগারমিল অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া পরিশোধে বিক্ষোভ ও স্মারকলিপি
- আপডেট সময় : ০৯:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 84
দেশের বিভিন্ন চিনিকলের অবসরপ্রাপ্ত ৩ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার প্রায় ২১২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া গ্রাচুইটি ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ।
রোববার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে নাটোর সুগারমিলের ফটকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, নাটোর চিনিকলের ৪০৭ জন অবসরপ্রাপ্ত শ্রমিকের বকেয়া অর্থের পরিমাণ প্রায় ৩৩ কোটি টাকা। দীর্ঘদিন ধরে এ টাকা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা অবিলম্বে সব বকেয়া পরিশোধের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা প্রদানের দাবি জানান।
বিক্ষোভে উপস্থিত ছিলেন নাটোর সুগারমিল অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রাং, সাধারণ সম্পাদক মো. আবু রায়হান ভুলু, নাটোর সুগারমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আইউব আলী, সাধারণ সম্পাদক আবু সাইদ এবং আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামিমুর রহমান শামিমসহ অনেকে।
বিক্ষোভ শেষে নাটোর সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।



















