পাবনায় ট্রাকের ধাক্কায় উল্টে ভ্যান, প্রাণ গেল ৩ জনের
- আপডেট সময় : ০৯:৪৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 86
পাবনা সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন, যাদের মধ্যে দুইজন স্কুলশিক্ষার্থী। বাঁশবোঝাই একটি ট্রাকের ধাক্কায় অটোভ্যানটি উল্টে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকার বাঙ্গাবাড়িয়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আরও দুইজন গুরুতর আহত হন।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুইজন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, “পাবনার দিকে যাচ্ছিল একটি অটোভ্যান। পেছন থেকে বাঁশবোঝাই ট্রাকটি ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।”
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যানবাহন সরিয়ে পথ স্বাভাবিক করে।





























