সিংড়ায় বিরল পাখি শিকার, দুই শিকারির এক মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ০৮:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 89
নাটোরের সিংড়ায় বিরল প্রজাতির পাখি শিকার ও বিক্রির দায়ে দুই পেশাদার শিকারিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৫১টি জবাইকৃত বকপাখি উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পলাশি গ্রামের হাজামুত আলী (৫৫) ও সাব্বির হোসেন (২২)।
জানা যায়, ভোররাতে সলঙ্গা এলাকায় ধানক্ষেতে ‘কিল্লা ঘর’ পেতে পাখিগুলো শিকার করা হয়। পরে জবাই করে সিংড়ার গোডাউনপাড়া এলাকায় বাড়ি বাড়ি বিক্রির সময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা তাদের হাতে-নাতে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “বর্ষার শেষে বিলজুড়ে লাখো পরিযায়ী পাখির আগমন ঘটে। এই সময় কিছু অসাধু শিকারি অবৈধভাবে পাখি ধরে বিক্রি করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই বিক্রেতাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিই।”
তিনি আরও বলেন, “চলনবিলের পাখি ও প্রকৃতি রক্ষায় আমরা দীর্ঘ এক যুগ ধরে কাজ করছি। শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সহায়তা পাচ্ছি।”
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, “বিলের পাখি রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির ভূমিকা প্রশংসনীয়। প্রশাসনও নিয়মিতভাবে অভিযান চালিয়ে পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে।”
এ সময় সাইফুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি ইসাহক আহমেদ, মহসিন আলম, দপ্তর সম্পাদক অনিক আহমেদ ও ছাত্রবিষয়ক সম্পাদক রিপন হোসেন প্রমুখ।



















